গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দফায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় দফার এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার বলেন, আগামী ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ২ মে প্রতিটি জেলা শহরে গণমিছিল করা হবে। ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারা দেশে সেমিনারের আয়োজন করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন পূরণ হয়নি। দেশের মানুষের গণরায় বর্তমান সরকার উপেক্ষা করে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে৷ জনগণের পক্ষে হওয়া আন্দোলন দমনে সরকার যে হুমকি দিচ্ছে তা ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ। আন্দোলন দমনে পতিত সরকারের মতো আচরণ করলে পরিণতিও তাদের মতোই হবে৷
গোলাম পরওয়ার আরও জানান, ২ মে এর পর থেকে বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে। ১২টি সিটি কর্পোরেশনে বিক্ষোভ সমাবেশ হবে। এগুলোতে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই রাউন্ড শেষ হওয়ার পর রাজধানীতে ১১ দলের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
তেল সংকট, হাম সংক্রমণ পরিস্থিতি সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া প্রশাসনে ফ্যাসিবাদী কায়দায় নির্লজ্জভাবে দলীয়করণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন পরওয়ার।

