২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়দানকারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

প্রসিকিউটর তানভীর হাসান জোহা বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৮ মার্চ অজ্ঞাত হ্যাকাররা বিচারপতির ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের এই দুটি অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়।

এর ফলে অ্যাকাউন্টগুলো ব্যবহার করে ভুয়া তথ্য প্রচার বা প্রতারণামূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, হ্যাকিংয়ের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে অবহিত করা হয়েছে।

তানভীর হাসান জোহা বলেন, অসাবধানতাবশত কোনো প্রতারণামূলক লিংকে ক্লিক করা বা অননুমোদিত অ্যাপ্লিকেশন ইনস্টল করার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি বলেন, বিচারপতির ব্যবহৃত মোবাইল ফোনটি ইতোমধ্যে সুরক্ষিত করা সম্ভব হয়েছে, তবে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।

জানা যায়, গত ১৭ মার্চ বিচারপতির ব্যবহৃত মোবাইল ফোনে প্রথম অস্বাভাবিকতা দেখা দেয়। যদিও শুরুতে তিনি বিষয়টি বুঝতে পারেননি। পরে ২২ মার্চ বিষয়টি স্পষ্ট হলে প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার সহায়তায় ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণকারী একটি সন্দেহজনক সফটওয়্যার অপসারণ করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version