দেশের সরকারি হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘হাসপাতালে কাউকে দালালি করতে দেওয়া হবে না। রোগীদের কাছ থেকে ট্রলি ভাড়া বা অন্য কোনোভাবে অবৈধভাবে টাকা নেওয়ার সুযোগ থাকবে না। দালালমুক্ত হাসপাতাল নিশ্চিত করতে আমাদের অবস্থান থাকবে জিরো টলারেন্স নীতি। দালালদের কঠোর হস্তে দমন করা হবে।’

হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ঢাকা মেডিকেলের সক্ষমতার তুলনায় রোগীর চাপ অনেক বেশি, যা সেবার মান বজায় রাখতে চ্যালেঞ্জ তৈরি করছে। রোগীর তুলনায় এখানে সুযোগ-সুবিধা ও ফ্যাসিলিটি অপ্রতুল। পর্যাপ্ত ডাক্তার, নার্স ও স্টাফের ঘাটতি আমরা অনুভব করছি।

হাসপাতালের পরিবেশ ও অব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, আগে যেমন দেখতাম রোগীর বিছানা তেলাপোকায় ভরা, এখন সেটি কম। তবে রোগীরা সকল ধরনের মেডিসিন পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version