সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৬ শিশু এবং নিশ্চিত হামে এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে ৬ শিশু এবং নিশ্চিত হামে এক মিশু মারা গেছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৫৫ শিশু এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৬৩ শিশু।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এখন র্পন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭০ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৬৯ শিশু।
একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৭ হাজার ৩০৫ শিশু। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ হাজার ৪১৯ শিশু।


