মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সম্ভাব্য সামরিক পদক্ষেপে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়ে দিয়েছেন, চলমান সংঘাতের সময় কোনও সামরিক অভিযানে অংশ নেবে না প্যারিস; বরং যুদ্ধ-পরবর্তী সময়ে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে আন্তর্জাতিক উদ্যোগে গুরুত্ব দিচ্ছে তারা।

মঙ্গলবার ফ্রান্সের মন্ত্রিসভার বৈঠকের শুরুতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ম্যাক্রোঁ বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে ফ্রান্স নিরপেক্ষ অবস্থানে রয়েছে। এই কারণে বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালি উন্মুক্ত করতে কোনও সামরিক অভিযানে অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না।

তিনি আরও জানান, ফ্রান্স ইতোমধ্যে একটি আন্তর্জাতিক জোট গঠনের প্রস্তুতি নিচ্ছে, যার লক্ষ্য হবে যুদ্ধ শেষ হওয়ার পর হরমুজ প্রণালিতে নিরাপদ ও অবাধ নৌ-চলাচল নিশ্চিত করা।

ম্যাক্রোঁর ভাষায়, “আমরা এই সংঘাতের কোনও পক্ষ নই। তাই বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালি উন্মুক্ত করার জন্য কোনও সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না।”

এর আগে সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি এ বিষয়ে ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেছেন। হরমুজ প্রণালি সচল রাখতে মিত্রদের একত্রিত করার ক্ষেত্রে ম্যাক্রোঁর প্রচেষ্টাকে তিনি “১০-এর মধ্যে ৮” নম্বর দেন।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

Share.
Leave A Reply

Exit mobile version