পবিত্র হজ পালনের উদ্দেশ্যে চলতি বছর আজ রোববার পর্যন্ত ১৩০টি হজ ফ্লাইটে মোট ৫০ হাজার ৯০৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল ১০টা পর্যন্ত জেদ্দাগামী এসব ফ্লাইট পরিচালিত হয়েছে।

হজ বুলেটিন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ ও দুইজন নারী। মৃতদের মধ্যে ১০ জন মক্কায় এবং দুইজন মদিনায় মারা গেছেন।

এদিকে, সৌদি মেডিকেল টিম এখন পর্যন্ত ২১ হাজার ১৪ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক সেবা নিয়েছেন ১৩ হাজার ৭৮০ জন।

হজ অফিস জানিয়েছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন।

হজ কার্যক্রম পরিচালনায় কাজ করছে মোট ৬৬০টি এজেন্সি। এর মধ্যে রয়েছে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

এয়ারলাইনভিত্তিক তথ্যে দেখা যায়, এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬০টি ফ্লাইটে ২৩ হাজার ৯৬০ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪৮৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বাকি ২৭ হাজার ৪৬৯ জন হজযাত্রী পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছবেন বলে জানিয়েছে হজ অফিস।

এর আগে গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি-৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকাস্থ সৌদি দূতাবাস এখন পর্যন্ত মোট ৭৮ হাজার ৩৭৩টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯১৯টি ভিসা রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে থেকে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

Share.
Leave A Reply

Exit mobile version