আইপিএলের মঞ্চে যেন এক নতুন ঝড়ের নাম বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে এমন দাপট দেখিয়েছেন, যা ছাপিয়ে গেছে বহু প্রতিষ্ঠিত তারকার কীর্তিকেও। শিরোপা জয়ের স্বাদ না পেলেও ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন এই কিশোর। রেকর্ডের পর রেকর্ড গড়ে নিজের নাম লিখিয়েছেন টুর্নামেন্টের ইতিহাসে, আর ভারতীয় ক্রিকেট পেয়েছে ভবিষ্যতের এক উজ্জ্বল তারকাকে।
২০২৫ আইপিএলের আগে নিলামে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে কোটিপতি হয়েছিলেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালস তার জন্য খরচ করেছিল ১ কোটি ১০ লাখ রুপি। সেই আস্থার প্রতিদান তিনি দিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্সে।
চলতি মৌসুমে ১৬ ম্যাচে ৭৭৬ রান করেছেন সূর্যবংশী। তার স্ট্রাইক রেট ছিল ২৩৭-এর বেশি, যা টি-টোয়েন্টি ক্রিকেটের মানদণ্ডেও অবিশ্বাস্য। পুরো আসরজুড়ে আগ্রাসী ব্যাটিং করে একের পর এক রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
আইপিএলের এক আসরে সর্বাধিক ছক্কার নতুন রেকর্ড এখন সূর্যবংশীর দখলে। ৭২টি ছক্কা হাঁকিয়ে তিনি ভেঙে দিয়েছেন ২০১২ সালে ক্রিস গেইলের গড়া ৫৯ ছক্কার রেকর্ড।
শুধু তাই নয়, আইপিএলের ইতিহাসে দ্রুততম সময়ে এক হাজার রান পূরণের কীর্তিও গড়েছেন এই কিশোর। মাত্র ৪৪০ বলে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। আগের রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলের, যিনি ৫৪৫ বলে এই কীর্তি গড়েছিলেন।
রাজস্থান রয়্যালসের সতীর্থ যশস্বী জয়সওয়ালের একটি রেকর্ডও ভেঙেছেন সূর্যবংশী। আনক্যাপড ক্রিকেটার হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ রানের মালিক এখন তিনি। ২০২৩ সালে জয়সওয়ালের করা ৬২৫ রানকে পেছনে ফেলে সূর্যবংশী মৌসুম শেষ করেছেন ৭৭৬ রান নিয়ে।
পাওয়ার প্লেতেও ছিল তার অবিশ্বাস্য আধিপত্য। টুর্নামেন্টে প্রথম ছয় ওভারে তিনি করেছেন ৫২১ রান। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক মৌসুমে পাওয়ার প্লেতে ৫০০-এর বেশি রান করার নজির গড়েছেন এই বিস্ময়বালক।
এর মাধ্যমে ভেঙে গেছে ডেভিড ওয়ার্নারের দীর্ঘদিনের রেকর্ডও। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পাওয়ার প্লেতে ৪৬৭ রান করেছিলেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার।
এছাড়া আইপিএলের ইতিহাসে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে কোনো ইনিংসের প্রথম ওভারেই চারটি ছক্কা মারার রেকর্ডও গড়েছেন সূর্যবংশী। গত ১৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বোলার প্রফুল হিঙ্গেকে টানা চার ছক্কা হাঁকিয়ে এই অনন্য কীর্তি গড়েন তিনি।
শিরোপা জেতা হয়নি, কিন্তু ২০২৫ আইপিএলকে নিজের করে নিয়েছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে তার এই রেকর্ডময় যাত্রা ভারতীয় ক্রিকেটকে দেখাচ্ছে নতুন এক সম্ভাবনার স্বপ্ন।


