আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিগারেটের দাম বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি সিগারেটের শুল্ক কাঠামো আরও যৌক্তিক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী অর্থবছরে সীমিত পরিসরে উত্তরাধিকার কর চালু করা হবে। এছাড়া ২০২৭-২৮ অর্থবছর থেকে উচ্চবিত্ত শ্রেণির জন্য আয়কর হার ৫ শতাংশ বাড়িয়ে ৩৫ শতাংশ নির্ধারণের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, করদাতার সংখ্যা বাড়াতে গত এক দশকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০১৪ সালে টিআইএন (Tax Identification Number) সংখ্যা ছিল প্রায় ১৪ লাখ, যা বর্তমানে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সেবায় টিআইএন বাধ্যতামূলক করার ফলে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
চলতি বছরে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় রিটার্ন জমা দেওয়ার হারও বেড়েছে বলে জানান তিনি। ভবিষ্যতে এ হার আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।
করদাতাদের উৎসাহিত করতে নতুন প্রণোদনা ব্যবস্থার কথাও তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, অর্থবছরের প্রথম প্রান্তিকে যারা আয়কর রিটার্ন দাখিল করবেন, তাদের জন্য প্রণোদনা থাকবে। দ্বিতীয় প্রান্তিকে রিটার্ন দাখিলকারীদের নিয়মিত করদাতা হিসেবে বিবেচনা করা হবে। তবে তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে রিটার্ন জমা দিলে অতিরিক্ত কর প্রদানের বিধান রাখা হবে।
আসন্ন বাজেটকে রাজস্ব আহরণ বৃদ্ধি ও করব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে সাজানো হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।


