গাজীপুরের ভোগড়া বাইপাসে শ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের নিক্ষেপ করা সাউন্ড গ্রেনেডে গুরুতর আহত হয়েছেন কালবেলার সাংবাদিক মামুন হোসাইন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শ্রমিকদের অবরোধ চলাকালে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
সকালে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও বাসাই সড়ক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় গুরুতর আহত হন সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিক মামুন হোসাইন।
তবে মামুনের অভিযোগ, তিনিসহ ঢাকা থেকে যাওয়া আরও কিছু সাংবাদিক যে গলিতে ছিলেন, সেখানে পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।এতে তার পায়ে গুরুতর আঘাত লাগে। গ্রেনেডের বিকট শব্দে কানেরও ক্ষতি হয়েছে বলে জানান তিনি।


