রাজধানীর বাজারে আবারও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম। বিশেষ করে সবজি ও ডিমের বাজারে লাগামহীন মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিপ্রতি ৮০ থেকে ১২০ টাকার মধ্যে উঠে গেছে। একই সঙ্গে ডজনপ্রতি ডিমের দামও বেড়ে দাঁড়িয়েছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। এতে সীমিত আয়ের মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করছেন ভোক্তারা।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের সবজির দামই চড়া। লম্বা বেগুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, শসা ১০০ টাকা, করলা ১০০ টাকা এবং ঝিঙ্গা ১০০ টাকা দরে। এছাড়া বরবটি ও কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে ১০০ টাকা, পটোল ৮০ টাকা এবং চিচিঙ্গা ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
অন্যদিকে কাঁকরোলের দাম উঠেছে কেজিপ্রতি ১২০ টাকায়। ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকা, লাউ প্রতি পিস ১০০ টাকা, ধন্দুল ১০০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা এবং গাজর ১২০ টাকা কেজি দরে। এছাড়া জালি বিক্রি হচ্ছে প্রতি পিস ৭০ টাকায়।
এদিকে গত সপ্তাহ থেকেই অস্থির হয়ে ওঠে ডিমের বাজার। নতুন করে সপ্তাহের ব্যবধানে ফার্মের মুরগির ডিমের দাম ডজনপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে বিভিন্ন এলাকায় প্রতি ডজন ডিম ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, এখন ১০০ টাকার নিচে সবজি খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। বিক্রেতারা ইচ্ছেমতো দাম বাড়িয়ে বিক্রি করছেন বলেও অভিযোগ করেন তারা। অনেকের দাবি, বাজারে নিয়মিত মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন।
তবে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, চাহিদার তুলনায় উৎপাদন কমে যাওয়া, সরবরাহ সংকট এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণেই বাজারে সবজি ও ডিমের দাম বাড়ছে।


