নাটকীয় শেষ মুহূর্তের গোলে হার এড়াল এসি মিলান। রেলিগেশন জোনে থাকা পিসার বিপক্ষে ম্যাচে ড্রয়ের শঙ্কা তৈরি হলেও নির্ধারিত সময়ের শেষ পাঁচ মিনিটে জয়সূচক গোল করে দলকে স্বস্তির জয় এনে দেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। ২-১ ব্যবধানের এই জয়ে সিরি আ-তে শীর্ষে থাকা ইন্টার মিলান-এর সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াল পাঁচে।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে শুরু থেকেই আধিপত্য দেখায় মিলান। ম্যাচের ৩৯ মিনিটে প্রায় ফাঁকায় থাকা রুবেন লফটাস-চিক হেডে গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধে আরও সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি সফরকারীরা।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে মিলান। তবে নিকলাস ফুলক্রুগ পেনাল্টিতে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করলে চাপ বাড়তে থাকে। ম্যাচের ৭১ মিনিটে সেই চাপই কাজে লাগায় পিসা। ফেলিপে লোয়োলার গোলে সমতা ফেরে এবং মিলান শিবিরে তৈরি হয় অস্বস্তি।

ম্যাচের শেষ দিকে অভিজ্ঞতায় ভর করে ঘুরে দাঁড়ায় মিলান। সতীর্থের পাস পেয়ে প্রথমে বল নিয়ন্ত্রণে সমস্যা হলেও দ্রুতগতিতে দৌড়ে গিয়ে দুই স্পর্শে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান মদ্রিচ। তার এই গোলে নিশ্চিত হয় মিলানের জয়।

জয় উদযাপনের আগমুহূর্তে অবশ্য অস্বস্তিও পোহাতে হয় মিলানকে। যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলের ফরাসি মিডফিল্ডার আদ্রিয়েন র‌্যাবিওট।

২৪ ম্যাচ শেষে ৫৩ পয়েন্ট নিয়ে বর্তমানে সিরি আ-র পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে এসি মিলান। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ইন্টার মিলান। এরপর ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নাপোলি। জুভেন্টাস ও রোমা—দুটি দলই সমান ৪৬ পয়েন্ট নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে।

Share.
Leave A Reply

Exit mobile version