হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তিনটি অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোন, বিপুল পরিমাণ প্রসাধনী, সাবান, খাদ্যদ্রব্য ও ওষুধ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১২ লাখ ৭৭ হাজার টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকক থেকে আসা তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের কাছ থেকে ১৭১ গ্রাম এবং অন্য দুই যাত্রীর কাছ থেকে যথাক্রমে ৩০০ ও ২০০ গ্রাম স্বর্ণের বার পাওয়া যায়।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, প্রথম অভিযানে ব্যাংকক থেকে আসা মো. আবুল হোসেন নামে এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১৭১ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার ব্যাগেজ থেকে বিভিন্ন ধরনের প্রসাধনী, খাদ্যদ্রব্য ও ওষুধও জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৭০ হাজার টাকা।

একই দিন দ্বিতীয় অভিযানে ব্যাংকক থেকে আসা শাহ আলম আজিজ নামে আরেক যাত্রীর ব্যাগেজে ৩০০ গ্রাম স্বর্ণের বার পাওয়া যায়। এ ছাড়া তার কাছ থেকে স্যামসাং, অনার ও রিয়েলমি ব্র্যান্ডের ৩৫টি স্মার্টফোন, ৩৬ কেজি সাবান এবং ৬ দশমিক ৩৭৫ কেজি প্রসাধনী উদ্ধার করা হয়। নিয়ম অনুযায়ী প্রযোজ্য কর পরিশোধ ও পাসপোর্টে এন্ট্রি সাপেক্ষে ব্যাগেজ সুবিধার আওতায় তাকে ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দেওয়া হয়। বাকি স্বর্ণ এবং অতিরিক্ত পণ্য জব্দ করা হয়। এ অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৫৫ লাখ ৩০ হাজার টাকা।

অন্যদিকে, একই ফ্লাইটে আসা উম্মা হানি নামে এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ২০০ গ্রাম স্বর্ণের বার ও ৪০ দশমিক ৪৮ কেজি সাবান পাওয়া যায়। ব্যাগেজ সুবিধার আওতায় তাকেও ১০০ গ্রাম স্বর্ণের বার ছাড় দেওয়া হয়। অবশিষ্ট স্বর্ণ ও অতিরিক্ত সাবান জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা। এ চালানে জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৭ হাজার টাকা।

জব্দ করা পণ্যের বিষয়ে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

Share.
Leave A Reply

Exit mobile version