রিয়াল মাদ্রিদে খেলার সুযোগ না পেয়ে জানুয়ারির দলবদলে ক্লাব ছাড়ার কথা ভাবছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক। স্প্যানিশ ক্লাবটি থেকে ধারে ইতালির এসি মিলানে যেতে আগ্রহী ২০ বছর বয়সী এই ফুটবলার।

রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামের মতো তারকাদের ভিড়ে একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে এন্দ্রিকের জন্য। চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত মাত্র চার মিনিট খেলার সুযোগ পেয়েছেন তিনি। নিয়মিত খেলার সুযোগ না পেলে ব্রাজিল জাতীয় দলেও জায়গা ধরে রাখা কঠিন হতে পারে—এমন পরিস্থিতিতে ক্লাব ছাড়ার ভাবনা জোরালো হয়েছে তার।

এন্দ্রিককে পেতে আগ্রহী শুধু মিলান নয়, ইতালির আরেক ক্লাব রোমা এবং ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাও তার পরিস্থিতির ওপর নজর রাখছে। তবে ইতালির সংবাদমাধ্যম লা গাজেত্তা দেলো স্পোর্ত–এর বরাতে মিলানকে এই দৌড়ে এগিয়ে রাখছে গোল ডটকম। এন্দ্রিকের প্রতিনিধিত্বকারী সংস্থা রক নেশনের সঙ্গে মিলানের মালিক জেরি কার্ডিনালের সুসম্পর্কও সম্ভাব্য চুক্তিতে ভূমিকা রাখতে পারে।

রিয়াল মাদ্রিদ অবশ্য এন্দ্রিককে স্থায়ীভাবে ছেড়ে দিতে আগ্রহী নয়। তাই জানুয়ারিতে ধারে পাঠানোর সম্ভাবনাই বেশি। ২০২২ সালের শেষ দিকে পালমেইরাস থেকে এন্দ্রিককে দলে নিতে প্রায় ৪ কোটি ৭৫ লাখ ইউরো খরচ করেছিল রিয়াল। এখন দুই ক্লাবের মধ্যে আলোচনা এগোলে তার ভবিষ্যৎ নিয়ে নতুন সমীকরণ তৈরি হতে পারে।

Share.
Leave A Reply

Exit mobile version