রাশিয়া ইউক্রেনের ওডেসা এলাকায় গতরাতে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার ওই হামলায় এক নারী নিহত হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চলের গভর্নর আজ শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ওলেগ কিপার টেলিগ্রামে এক পোস্টে বলেন, ‘উদ্ধারকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেছেন। তবে হামলায় এক নারী নিহত হয়েছে।’

তিনি বলেন, ‘নিহত পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা রইল।’

তিনি আরও বলেন, রাশিয়ার ড্রোন হামলার বিস্ফোরণে নিকটবর্তী এক ভবনের জানালা ভেঙে গেছে।

আঞ্চলিক সামরিক প্রধান ইভান ফেডোরভ জানিয়েছেন, কৃষ্ণ সাগর বন্দর অঞ্চলের উত্তর-পূর্বে অবস্থিত জাপোরিঝিয়া অঞ্চলে গত ২৪ ঘন্টায় কমপক্ষে এক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হয়েছেন।

তিনি বলেন, ‘গত ২৪ ঘন্টায় জাপোরিঝিয়া অঞ্চলের ৪১টি বসতিতে হানাদাররা ৬৫৫টি হামলা চালিয়েছে।’

সর্বশেষ প্রাণঘাতী হামলাগুলো এমন সময় ঘটল যখন মার্কিন ও ইউরোপীয় নেতা, কূটনীতিক এবং প্রতিরক্ষা প্রধানরা মিউনিখে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন শীর্ষ সম্মেলনের জন্য জড়ো হচ্ছেন, যেখানে ইউক্রেনের যুদ্ধের অবসান কীভাবে করা যায় তা প্রধান বিষয় হিসেবে বিবেচিত হবে।

জার্মান সরকারের একটি সূত্র জানিয়েছে যে, চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল শুক্রবার ‘ইউক্রেন, রাশিয়ার সাথে আলোচনার অবস্থা এবং দেশটির জন্য আরও সমর্থন, বিশেষ করে সামরিক সাহায্যের ক্ষেত্রে আলোচনা করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল শুক্রবার থেকে মিউনিখে অবস্থান করছেন এবং একাধিক মিত্রদের সাথে বৈঠক করছেন। আজ শনিবার বৈঠকে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে কোনও রুশ কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়নি।

Share.
Leave A Reply

Exit mobile version