রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা সন্দেহজনক বস্তু দুটি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেগুলো হাতবোমা বলে নিশ্চিত করে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সকালে প্রবেশপথের কাছে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন নিরাপত্তাকর্মীরা। বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় থানা পুলিশকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় আশপাশের এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।
পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি পরীক্ষা করেন। সেগুলো হাতবোমা হিসেবে শনাক্ত করার পর নিরাপদে নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেড সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।
তিনি আরও জানান, যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে প্রধান ফটক বন্ধ রেখে বিকল্প গেট দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছিল। পরে পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়েছে। গ্রেনেড সদৃশ বস্তু দুটি কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

