রাজধানীর মিরপুরে সাত বছর বয়সী শিশু রামিসার ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। ৭১টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্ম এক বিবৃতিতে এ ঘটনাকে মানবতা, সভ্যতা ও সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে চরম আঘাত হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়, রামিসার ওপর সংঘটিত নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ড শুধু একটি ফৌজদারি অপরাধ নয়, বরং এটি মানবতা , সভ্যতা ও সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে চরম আঘাত।
সামাজিক প্রতিরোধ কমিটি রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে দল, মত, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সামজিক প্রতিরোধ কমিটি সকল নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর, দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার জন্য রাষ্ট্র ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে।


