দিল্লিতে সংসদ ভবন অভিমুখে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও র‍্যাপিড রেসপন্স টিম (র‍্যাফ) মোতায়েন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের সরাতে পুলিশ চেষ্টা চালালেও অনেকে সড়কে বসে অবস্থান নেন। দলটির দাবি, সংসদ ভবন এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে বিক্ষোভের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে না পড়ে। আন্দোলনকারীরা জানায়, প্রতিবাদস্থলের আশেপাশের এলাকায় সিগন্যাল জ্যামার ব্যবহার করা হয়েছে। যার ফলে বিচ্ছিন্ন রয়েছে মোবাইল ও ইন্টারনেট সংযোগ।

এদিকে সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন হওয়ায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংসদ ভবনের বিভিন্ন প্রবেশপথে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিক্ষোভকারীদের সরাতে পুলিশ কয়েকজনকে আটকও করেছে বলে জানা গেছে।

এর আগে দিল্লি পুলিশ জানায়, সংসদ ভবন অভিমুখে এ কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও সকাল থেকে যন্তর মন্তর এলাকায় বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। পরে সেখান থেকে তারা সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

Share.
Leave A Reply

Exit mobile version