নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জন্য এলো বড় অর্জন। নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত সিনেমা ‘মাস্টার’ এই উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে। উৎসবের শুরু থেকেই সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা সুমিতসহ অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও নাসির উদ্দিন খান।
সদ্য এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রটারড্যামের অভিজ্ঞতা তুলে ধরেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পুরস্কার ঘোষণার মুহূর্তের অনুভূতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন,
“সেই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা খুব সাধারণভাবে গিয়েছিলাম। ভেবেছিলাম অন্য সবাই পুরস্কার পাবে আর আমরা হাততালি দেব। কিন্তু সেই হাততালিই যখন বাংলাদেশের জন্য হয়ে গেল, তখন আনন্দটা ছিল অন্যরকম।”
পরিচালকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাঁধন আরও বলেন, “রেজওয়ান শাহরিয়ার সুমিত একজন অত্যন্ত সৎ নির্মাতা। আজ তার সেই সততারই প্রতিফলন ঘটেছে এই অর্জনের মাধ্যমে।”
প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসায় মুগ্ধ হয়ে বাঁধন জানান, সাপ্তাহিক কর্মদিবস হওয়া সত্ত্বেও নেদারল্যান্ডসে বসবাসরত বাংলাদেশিরা প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখেছেন। পাশাপাশি স্থানীয় ডাচ দর্শকদের আগ্রহ ও প্রশংসাও তাঁকে অভিভূত করেছে।
তিনি বলেন, “ডাচ দর্শকদের সিনেমাটি দেখার আগ্রহ এবং তাদের প্রশংসা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।”
এবারের রটারড্যাম চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিনটি সিনেমা প্রদর্শিত হয়েছে। এই ধারাবাহিক সাফল্য নিয়ে বাঁধন বলেন, “বাংলাদেশের সিনেমা এখন শক্ত একটা জায়গায় পৌঁছে যাচ্ছে। ‘রেহেনা’ থেকে শুরু করে যেসব সিনেমা আন্তর্জাতিক উৎসবে গেছে, সেগুলো সবই আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে। এবার রটারড্যামে বাংলাদেশের তিনটি সিনেমা ছিল—এটা খুবই সম্মানের বিষয়।”
তিনি আরও যোগ করেন, “মনে হয়েছে যেন পুরো ফেস্টিভ্যালটাই আমাদের। তিনটি টিম একসঙ্গে নেদারল্যান্ডসে এসেছি। সবার সঙ্গে সবার দেখা হয়েছে, সিনেমা নিয়ে আলোচনা হয়েছে—এই অভিজ্ঞতা সত্যিই দারুণ।”



