যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ ও ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী থেকে প্রায় ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় ম্যানহাটনের রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা ।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বিক্ষোভের নেতৃত্ব দেয় ‘জিউইশ ভয়েস ফর পিস’ নামক একটি সংগঠন। সংগঠনটি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে হুইসেলব্লোয়ার চেলসা ম্যানিং, অভিনেতা হ্যারি নেফ এবং নিউ ইয়র্ক শহরের কাউন্সিল সদস্য অ্যালেক্সা অ্যাভিলস রয়েছেন।

বার্তা সংস্থা এপি জানায়, কয়েক’শ মানুষ প্রথমে অবস্থান কর্মসূচি করার চেষ্টা করেন। তারা সিনেট ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার এবং সিনেট সদস্য ক্রিস্টেন গিলিব্র্যান্ডের ম্যানহাটনের কার্যালয়ে ঢুকে বিক্ষোভ করতে চেয়েছিলেন।

তবে নিরাপত্তাকর্মীরা তাদের ভবনে প্রবেশ করতে দেয়নি। পরে তারা রাস্তায় নেমে যান চলাচল বন্ধ করে দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, এই দুই নেতা লেবাননে ইসরায়েলের হামলা এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংশ্লিষ্ট সংঘাতে সমর্থন দিচ্ছেন।

গ্রেপ্তারের সময় তারা স্লোগান দেন, ‘মানুষের জন্য টাকা দিন, বোমার জন্য নয়।’ পরে পুলিশ তাদের তিনটি বাসে করে নিয়ে যায়।

Share.
Leave A Reply

Exit mobile version