গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি মন্দিরে রামমূর্তি স্থাপন সংক্রান্ত বিতর্কে দেশে-বিদেশে ব্যাপক আলোচিত হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

সোমবার (১৩ জুলাই) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

মানি লন্ডারিং আইনে দায়ের হওয়া একটি মামলায় রবিবার (১৩ জুলাই) গভীর রাতে ঢাকার সিআইডির একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। এর আগে এই ঘটনাকে কেন্দ্র করে এবং রামমূর্তি অপসারণের দাবিতে গাইবান্ধা জেলা শহরসহ সারা দেশে আন্দোলনে নামে বেশ কিছু সংগঠন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম খান কালের কণ্ঠকে জানান, মানি লন্ডারিং আইনে দায়ের হওয়া একটি মামলায় সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। সংশ্লিষ্ট দপ্তরের তদন্তে উঠে এসেছে, গত পাঁচ বছরে তার ব্যাংক হিসাবে প্রায় ৯ কোটি টাকার লেনদেন হয়েছে।

সেই লেনদেনের উৎস ও বৈধতা নিয়ে তদন্তের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালীমন্দিরকে ব্যাপক অর্থ ব্যয়ে আধুনিকায়ন ও ৮২ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে পলাশবাড়ীতে ব্যাপক আলোচনা, বিতর্ক ও আন্দোলন শুরু হয় এবং তার টাকার উৎস নিয়েও প্রশ্ন ওঠে।

ওসি সারোয়ার আলম খান জানান, ঢাকার উত্তরা পশ্চিম থানায় মামলার ভিত্তিতেই সিআইডি তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে গেছে। কোথাও কোনো সমস্যা নেই, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version