মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আকস্মিক পরিদর্শনে গিয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্র ঘুরে দেখেছেন প্রাথমিক, গণশিক্ষা ও শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মন্ত্রী হঠাৎ করেই মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে চলমান এসএসসি পরীক্ষা পরিদর্শন করেন।
শিক্ষামন্ত্রীর এ আকস্মিক উপস্থিতিতে কেন্দ্র সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হলেও দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত অবস্থা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি কেন্দ্র সচিব, শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার পপি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে পরীক্ষার পরিবেশ সুন্দর, পরীক্ষা ভালো হচ্ছে এবং প্রশাসন কঠোর রয়েছে বলে জানান শিক্ষা মন্ত্রী।


