পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় উঠে এসেছে বিস্ময়কর ও অস্বাভাবিক তথ্য। এক ব্যক্তির নামের পাশে সন্তান হিসেবে যুক্ত করা হয়েছে ৩৮৯ জন ভোটারকে—যা বাস্তব ও বৈজ্ঞানিকভাবে অসম্ভব বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার সময় এই গরমিল ধরা পড়ে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় নির্বাচন কমিশন জানায়, বীরভূম জেলার নানুর বিধানসভা এলাকায় এক জন ভোটারের সঙ্গে শত শত ভোটারকে সন্তান হিসেবে যুক্ত করা হয়েছে।

শুধু বীরভূম নয়, রাজ্যের আরও একাধিক জেলাতেও একই ধরনের অসঙ্গতির তথ্য পাওয়া গেছে। হাওড়া জেলার সাঁকরাইলে এক জন ব্যক্তিকে অভিভাবক হিসেবে দেখানো হয়েছে ৩১০ জন ভোটারের ক্ষেত্রে। মুর্শিদাবাদে এই সংখ্যা ১৯৯, দার্জিলিঙে ১৫২, জলপাইগুড়ির নাগরাকাটায় ১২০ এবং আসানসোলে ১৭০ জন ভোটার একই ব্যক্তিকে নিজেদের অভিভাবক হিসেবে নথিভুক্ত করেছেন।

নির্বাচন কমিশনের মতে, এই ধরনের তথ্য ভোটার তালিকায় বড় ধরনের তথ্যগত ও যুক্তিগত ত্রুটির ইঙ্গিত দেয়। পরিস্থিতি মোকাবিলায় ছয় জন বা তার বেশি সন্তানের সঙ্গে যুক্ত ভোটারদের নোটিস পাঠিয়ে শুনানিতে ডাকা হয়েছে।

এই ইস্যুতেই পশ্চিমবঙ্গের এসআইআর পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। আগামী বুধবার মামলার শুনানি হওয়ার কথা। কমিশনের হলফনামার পর ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Share.
Leave A Reply

Exit mobile version