ভিয়েতনামে রাতে আবাসিক এলাকায় হানা দিয়ে প্রায় ২ হাজার ৭০০ বিড়াল চুরি করে জবাইয়ের উদ্দেশে সেগুলো নিয়ে যাওয়ার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার এ তথ্য জানিয়েছে।

হো চি মিন সিটিতে কথিত বিড়াল চোর চক্রের বিরুদ্ধে তদন্তের সময় লোম ছাড়ানোর মেশিন, বিড়াল ধরার ফাঁদ ও ওজন মাপার যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

হ্যানয় থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ভিয়েতনামে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া বৈধ। দেশটির অনেক রেস্তোরাঁয় প্রকাশ্যেই এসব মাংসের বিজ্ঞাপন দেওয়া হয়। তবে বিক্রেতাদের পশুগুলোর উৎসের সনদ সংগ্রহ করতে হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চুরি করা বিড়াল রেস্তোরাঁয় প্রতি কেজি অন্তত ৭০ হাজার ডং (২ দশমিক ৭০ ডলার) দরে বিক্রি করে।

পুলিশ এক বিবৃতিতে জানায়, চুরির অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা ‘বিভিন্ন ধরণের প্রায় ২ হাজার ৭০০ বিড়াল চুরি ও পাচারের’ কথা স্বীকার করেছে।

রোববার তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে হো চি মিন সিটির পুলিশ পৃথক দুটি বিড়াল চোর চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করে।

Share.
Leave A Reply

Exit mobile version