দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তবে এই প্রত্যাবর্তনের পেছনে শুধুই নতুন সিনেমায় কাজ করার আগ্রহ নয়, রয়েছে দর্শক ও ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার গল্প। বহু সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়ে অবশেষে এমন একটি চরিত্র ও গল্প খুঁজে পেয়েছেন, যা তাকে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে অনুপ্রাণিত করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নতুন সিনেমা, অভিনয় ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।

বিদ্যা সিনহা মিম বলেন, ‘আমি কিন্তু এই ছবিটা করেছি ভক্তদের কথা চিন্তা করেই। আমার যে ফ্যান-ফলোয়াররা আছেন, তারা অনেক দিন পর আমার কোনো প্রজেক্ট দেখতে পাচ্ছেন ভেবে ভীষণ আনন্দিত। কারণ, সর্বশেষ “অন্তর জ্বালা”র পর বাংলাদেশে আমার কোনো সিনেমা মুক্তি পায়নি। মাঝে কলকাতায় “মানুষ” সিনেমাটি মুক্তি পেয়েছিল। দেশের দর্শকরা শুধু একটা কথাই বলতেন— আপু, আপনার নতুন সিনেমা আসছে না কেন?’

মিম জানান, বিরতির এই সময়ে তার কাছে অসংখ্য সিনেমার প্রস্তাব এলেও বেশিরভাগ কাজই ফিরিয়ে দিতে হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, ‘মাঝের এই সময়টায় আমার হাতে প্রচুর সিনেমার প্রস্তাব এসেছে। কিন্তু কোনোটার গল্প ভালো লাগেনি, আবার কোনোটার চরিত্র পছন্দ হয়নি। অনেক সময় এমন চরিত্র অফার করা হয়েছে, যা পর্দায় খুবই সামান্য। সব মিলিয়ে মনমতো না হলে আমি কোনো প্রজেক্ট করি না। আর এই কারণেই অনেক ছবিকে “না” বলতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সব প্রজেক্টেই যখন “না” বলছিলাম, তখন এই কাজটা আসে। আমার মনে হলো, অনেক লম্বা একটা গ্যাপ হয়ে যাচ্ছে, ভক্তদের জন্য এবার কিছু একটা করা দরকার। গল্প ও চরিত্র ভালো লাগায় ভাবলাম, এবার রিস্ক নিয়ে শুরু করেই দেই।’

নতুন সিনেমার চরিত্র প্রসঙ্গে মিমের ভাষ্য, ‘এই ছবির সবচেয়ে মৌলিক দিক হলো, আমার চরিত্রটির একটা দারুণ ডেপ্থ আছে। আমি আসলে এমন চরিত্রই খুঁজি, যার ভেতরে ঢোকা যায়। পুরো গল্পে চরিত্রটির এমন একটি ভূমিকা থাকবে, যা মানুষ সারাজীবন মনে রাখবে।’

এদিকে ভক্তদের জন্য আরও সুখবর দিয়েছেন এই অভিনেত্রী। তিনি জানান, শুধু একটি সিনেমা নয়, সামনে একাধিক নতুন কাজ নিয়ে হাজির হবেন তিনি।

মিম বলেন, ‘আমার আরেকটি প্রজেক্ট পুরোপুরি রেডি, সেটি হলো “দিগন্তে ফুলের আগুন”। সিনেমাটি অন্য লেভেলের হয়েছে, যা দেখলে দর্শকরা বুঝতে পারবেন। আশা করছি খুব শিগগিরই এটি মুক্তি পাবে। এছাড়া এরই মধ্যে “লাইফ লাইন” ও “জীবন অপেরা”র কাজ শেষ করেছি। সেগুলোও একে একে সামনে আসবে।’

সব মিলিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন উদ্যমে দর্শকদের সামনে ফিরতে প্রস্তুত বিদ্যা সিনহা মিম। আর তার এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের প্রত্যাশাও এখন তুঙ্গে।

Share.
Leave A Reply

Exit mobile version