রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেয়েছেন।

বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ আদেশ দেওয়া হয়।

মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য আগামী ২৪ জুলাই পরবর্তী দিন ধার্য করা হয়েছে। শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন লতিফ সিদ্দিকীর পক্ষে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত আসামি লতিফ সিদ্দিকীর ব্যক্তিগত হাজিরা মওকুফ করে আবেদন মঞ্জুর করেন।

এ সময় বিচারকের উদ্দেশ্যে লতিফ সিদ্দিকী বলেন, ‘এভাবে বিচারব্যবস্থা চলতে পারে না। গত ৬ মাস আগে এই মামলায় আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। আজ এই আদেশ দিলেন। আমি আদালতে আসব, হাজিরা দেব। আমার আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে।’ জবাবে বিচারক বলেন, ‘সেটি আপনার ইচ্ছে। আপনার আবেদন মঞ্জুর করা হয়েছে।’ পরে হাজিরা দিয়ে হাসিমুখে আদালত ছাড়েন লতিফ সিদ্দিকী।

লতিফ সিদ্দিকীর আইনজীবী গোলাম রাব্বানী বলেন, ‘এই মামলায় তার ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন করা হয়েছিল। আদালত এই আবেদন মঞ্জুর করেছেন। তবে লতিফ সিদ্দিকী আদালতকে বলেছেন, তিনি সশরীরে আদালতে এসে হাজিরা দেবেন।’

গত বছরের ২৮ অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি প্রোগ্রাম থেকে লতিফ সিদ্দিকী, সাংবাদিক পান্নাসহ ১৬ জনকে আটক করা হয়। পরদিন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। পরে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version