সচিবালয়ে প্রবেশ করার পর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দফতরে না গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছুক্ষণ পর সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। গাড়ি থেকে নেমে নিজ দফতরে না গিয়ে হেঁটে যান ৬ নম্বর ভবনে। সেখানে তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

এভাবে ভবনটির ষষ্ঠ তলা পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

এরপর পাঁচ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত এবং তিন নম্বর ভবনের বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি। এভাবে সচিবালয়ের বিভিন্ন ভবনে অবস্থিত অন্তত আটটি মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন শেষে ফিরে আসেন মন্ত্রিপরিষদ বিভাগে।

এদিকে, অন্যদিনের মতো আজও বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে কৃষক কার্ড সংক্রান্ত সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্টরা সভায় অংশ নেয়ার কথা রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version