ভারতে ভ্রমণ, চিকিৎসা, উচ্চশিক্ষা কিংবা ব্যবসার উদ্দেশ্যে যেতে আগ্রহীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে বড় ধরনের সংস্কার এনেছে দেশটির সরকার। নতুন কাঠামোয় ভিসার মূল শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হয়েছে। একই সঙ্গে উপশ্রেণির সংখ্যা ৪৯ থেকে নামিয়ে আনা হয়েছে ২৩টিতে। আবেদনপ্রক্রিয়ার জটিলতা কমানোর পাশাপাশি প্রয়োজনীয় তথ্যের ঘরও উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন ভিসা কাঠামোর ২৩টি উপশ্রেণির আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। পর্যটন, চিকিৎসা, উচ্চশিক্ষা, গবেষণা ও ব্যবসার কাজে ভারতে যেতে ইচ্ছুক বিদেশিদের ভোগান্তি কমানোই এ সংস্কারের মূল উদ্দেশ্য।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে দেশটির ভিসানীতিতে পরিবর্তন আনা হয়েছিল। এবার আন্তর্জাতিক রীতিনীতি ও উন্নত দেশগুলোর প্রচলিত ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্বিতীয় দফায় ভিসা কাঠামো পুনর্গঠন করা হয়েছে।

নতুন ব্যবস্থায় প্রচলিত ট্যুরিস্ট ভিসার পরিবর্তে চালু করা হয়েছে ‘ভিজিটর ভিসা’। সাধারণ ভ্রমণের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক আলোচনা, চিকিৎসকের পরামর্শ গ্রহণ, সুস্থতা কার্যক্রম এবং ভাষা, সংগীত ও শিল্পকলার প্রশিক্ষণও এ ভিসার আওতায় আনা হয়েছে।

ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২—এই দুই ভাগে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এ সময়ের মধ্যে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। অন্যদিকে আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ হতে পারে ১, ৫ অথবা ১০ বছর। দীর্ঘমেয়াদি এ ভিসার আওতায় পর্বতারোহণের সুযোগও রাখা হয়েছে।

চিকিৎসার জন্য ভারতে যেতে আগ্রহীদের ক্ষেত্রে পৃথক ভিসার ব্যবস্থা করা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য দেওয়া হবে এম-১ এবং আয়ুশ পদ্ধতিতে চিকিৎসার জন্য এম-৩ ভিসা। উভয় ভিসার স্বাভাবিক মেয়াদ এক বছর। এ সময়ে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। ই-ভিসার ক্ষেত্রেও একই সুবিধা থাকবে।

চিকিৎসাধীন রোগীর সঙ্গে যাওয়া স্বজনদের জন্য রাখা হয়েছে এম-২ ও এম-৪ ভিসা। এর ফলে চিকিৎসার প্রয়োজনে রোগী ও তার স্বজনদের বারবার নতুন করে ভিসার আবেদন করার ঝামেলা কমবে। ভারতের ‘হিল ইন ইন্ডিয়া’ কর্মসূচির সঙ্গেও এ উদ্যোগের সংশ্লিষ্টতা রয়েছে।

শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও ভিসার নতুন শ্রেণি নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এস-১ এবং গবেষণা ও সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের জন্য এস-২ ভিসা চালু হচ্ছে। এস-১ ভিসার আওতায় স্কুল থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকবে। আর এস-২ ভিসা পাবেন পিএইচডি গবেষক, ভিজিটিং শিক্ষক, ইন্টার্ন এবং বৈজ্ঞানিক অভিযানে অংশগ্রহণকারীরা।

‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি ই-এস১ ভিসা পাবেন। তবে সংশ্লিষ্ট শিক্ষাক্রমের মেয়াদের ওপর ভিত্তি করেই এ ভিসার কার্যকারিতা নির্ধারিত হবে।

ব্যবসায়িক ভিসার ক্ষেত্রেও আনা হয়েছে পরিবর্তন। নতুন কাঠামোয় বি-১ ও বি-২ নামে দুটি শ্রেণি রাখা হয়েছে। ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন কিংবা দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উদ্যোগ পরিচালনার জন্য ব্যবহার করা যাবে বি-১ ভিসা। অন্যদিকে চুক্তিভিত্তিক কাজ, বিনিয়োগ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন এবং চলচ্চিত্র নির্মাণের মতো কার্যক্রমের জন্য দেওয়া হবে বি-২ ভিসা।

এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞদের জন্য চালু হচ্ছে ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’। যন্ত্রপাতি স্থাপন, উৎপাদন কার্যক্রম, রক্ষণাবেক্ষণ, তথ্যপ্রযুক্তি এবং প্রশিক্ষণসংক্রান্ত কাজের জন্য এ ভিসা ব্যবহার করা যাবে। এ শ্রেণিতেও ই-ভিসার মাধ্যমে আবেদন করার সুযোগ থাকবে।

বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ১৩ ধরনের উপশ্রেণিতে ই-ভিসা পাচ্ছেন। নতুন কাঠামো কার্যকর করতে ই-ভিসা ব্যবস্থায় প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার।

সংস্কার করা ভিসা ব্যবস্থায় মোট নয়টি মূল শ্রেণি থাকবে। এগুলো হলো—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যসহ কয়েকটি বিশেষ শ্রেণির আবেদনকারী বিবিধ ভিসার আওতায় আবেদন করতে পারবেন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে নতুন কাঠামোয় ভিসা প্রদান কার্যক্রম শুরু হতে পারে।

তথ্যসূত্র: এনডিটিভি

Share.
Leave A Reply

Exit mobile version