ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরাইল। এই দুই ঘটনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালী চালু না করলে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

এদিকে এএফপি জানায়, গ্রিনিচ মান সময় অনুযায়ী রোববার রাত ১০টায় বাজার খোলার সঙ্গে সঙ্গেই তেলের দামে ঊর্ধ্বগতি দেখা যায়। মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর মে মাসের ডেলিভারি মূল্য প্রায় ১.৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা অতিক্রম করে। যদিও কিছু সময় পর দাম কিছুটা কমে আসে।

একই সময়ে ব্রেন্ট ক্রুড তেলের মে মাসের ডেলিভারি মূল্যও বেড়ে ব্যারেলপ্রতি ১১৩.৪৪ ডলারে পৌঁছায়। তবে লেনদেন শুরু হওয়ার প্রায় ৪৫ মিনিট পর তা সামান্য কমে প্রায় ১১১ ডলারের কাছাকাছি স্থির হয়।

উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি হামলা শুরুর আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ৬৭.০২ এবং ৭২.৪৮ ডলার।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি আরও জটিল হলে তেলের দামে বড় ধরনের ওঠানামার আশঙ্কা রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version