আল নাসরের হয়ে টানা দুটি ম্যাচে না খেলে আলোচনায় ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সবশেষ ট্রান্সফার উইন্ডোতে প্রত্যাশিত বিনিয়োগ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি আল ইত্তিহাদ ও আল রিয়াদ–এর বিপক্ষে ম্যাচ বয়কট করেছিলেন। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে গতকাল (শনিবার) আল ফাতেহ–এর বিপক্ষে মাঠে নামেন তিনি—এবং শুরুতেই গোল করে নিজের প্রত্যাবর্তন রাঙান।
দলবদলের বাজারে আল নাসর প্রত্যাশামতো বড় বিনিয়োগ করতে না পারায় রোনালদো অসন্তুষ্ট ছিলেন। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী আল হিলাল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সহায়তায় করিম বেনজেমাকে দলে টানায় নিজের ক্লাবের পিছিয়ে পড়া তিনি মেনে নিতে পারেননি।
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা বয়কট ভেঙে অধিনায়ক হিসেবে শুরুর একাদশে জায়গা পান। তার সঙ্গে ছিলেন জোয়াও ফেলিক্স, সাদিও মানে ও কিংসলে কোম্যান। ম্যাচের ১৮ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। শেষ পর্যন্ত ২–০ ব্যবধানে জয় পায় আল নাসর।
এই জয়ে সৌদি প্রো লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের চেয়ে তারা মাত্র এক পয়েন্ট পিছিয়ে।
চলতি মৌসুমে রোনালদোর গোলসংখ্যা দাঁড়াল ১৮-তে। গোল্ডেন বুটের দৌড়ে তিনি জুলিয়ান কুইনোন্স–এর সঙ্গে সমান অবস্থানে আছেন। আর ইভান টনি–র চেয়ে তিনি এখনো দুই গোল পিছিয়ে।


