ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই দুই আসনেই জয়লাভ করেছেন তিনি।

আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখতে পারবেন তিনি। সে ক্ষেত্রে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আইন অনুযায়ী, কোনো ব্যক্তি দুটি আসনে নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসন/আসনগুলো লিখিতভাবে ছেড়ে দিতে হবে।

আরপিও অনুযায়ী, ধারা ১৯(১)(খ) কোনো ব্যক্তি একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে এবং নির্বাচিত হতে পারবেন। ধারা ১৯(২) যদি কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হন, তবে তাকে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে, তিনি কোন একটি আসন রাখতে চান।

ঢাকা-১৭ আসনে তারেক রহমান ৭২,৬৯৯ ভোট পেয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান–কে ৪,৩৯৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। ওই আসনের মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩,৮১৩, যার মধ্যে ১ লাখ ৪৭,৮৮৮ জন ভোট দিয়েছেন। বগুড়া-৬ আসনে তিনি ২ লাখ ১৬,২৮৪ ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেল–এর ৯৭,৬২৬ ভোটের বিপরীতে।

Share.
Leave A Reply

Exit mobile version