আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী উভয় আসনেই বিজিবি সদস্যরা নির্বাচনের আগে, ভোটগ্রহণের দিন এবং পরবর্তী সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

বিজিবি জানায়, বগুড়া-৬ (সদর) আসনে ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে আসা এসব সদস্য ইতোমধ্যে বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে দায়িত্ব পালন শুরু করেছেন। তারা মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। এই আসনে বিজিবির মোতায়েন ১১ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।

অন্যদিকে, সীমান্তবর্তী শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে নিরাপত্তা জোরদারে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ময়মনসিংহ সেক্টরের তত্ত্বাবধানে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় এসব সদস্য শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় চারটি বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করছেন। তারাও মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নির্বাচনী এলাকায় টহল জোরদার করেছেন এবং সীমান্ত এলাকায় দায়িত্ব পালনরত সদস্যরাও প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।

বিজিবি জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সবসময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করে থাকে। এ নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনটি রেখে দিলে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়। অন্যদিকে, শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্বাচন স্থগিত হয়ে পুনঃতফসিল অনুযায়ী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, বিজিবিসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত তৎপরতায় উভয় আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

Share.
Leave A Reply

Exit mobile version