খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির ঝুঁকি থেকে কৃষকদের সুরক্ষা দিতে দেশে ফসল বীমা (ইনসুরেন্স) চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।

তিনি জানান, বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসল ক্ষতিগ্রস্ত হলে বীমার আওতায় কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন।

মন্ত্রী বলেন, কৃষি দেশের অর্থনীতির প্রধান ভিত্তি এবং বিপুল জনগোষ্ঠী সরাসরি এই খাতের ওপর নির্ভরশীল। তাই কৃষকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি জানান, ফসল বীমা চালু হলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির ঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং কৃষকরা উৎপাদনে আরও উৎসাহিত হবেন।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করছেন। তিনি উল্লেখ করেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীসহ বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version