জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, ‘ইশরাক হোসেনের মাদক ও দুর্বৃত্ত দমনে যাওয়ার উদ্যোগটি ইতিবাচক ছিল। তিনি পুলিশের ওপর গুলিবর্ষণকারী একদল মাদকসেবীকে দমন করতে গিয়েছিলেন। তবে একজন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে তাঁর নিজের হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি-এটি তাঁর পদমর্যাদার সঙ্গে মানানসই নয়।’

তিনি বলেন, ‘মন্ত্রী বা প্রতিমন্ত্রীর সাথে বডিগার্ড, পুলিশ এবং প্রয়োজনে দলীয় কর্মীরা থাকেন; তাই তাঁদের হাতে বৈধ কিংবা অবৈধ কোনো অস্ত্রই শোভা পায় না। এ কারণেই প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।’

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় লালমোহন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন তাঁকে এ সংবর্ধনা দেয়।

বক্তব্যে স্পিকার দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিজেদের সংশোধন করতে হবে। ঢাকায় এক নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ ওঠায় প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। একইভাবে গতকাল প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন। অতীতে কোনো রাজনৈতিক দল নিজেদের নেতাকর্মীদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেয়নি। বর্তমান প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে একেবারেই আপসহীন।’

গত ১৭-১৮ বছরের দুঃশাসনের পর জনগণ একটি নির্বাচিত সরকার পেয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সরকারের লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। এ জন্য পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ তাঁদের যোগ্য প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাবেন।’

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান সম্পর্কে স্পিকার বলেন, ‘এশিয়া-প্যাসিফিক গ্রুপের ৩৭টি দেশের প্রতিনিধিত্বকারী সংস্থায় চেয়ারম্যান নির্বাচিত হওয়া আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে।’

তিনি ধর্মীয় সম্প্রীতি ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ দল ও অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version