বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন অ্যাডিশনাল ডিআইজি খন্দকার শামীমা ইয়াসমিন।

প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপাররা হলেন—সিরাজগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সিফাত-ই-রাব্বানকে পঞ্চগড় জেলায়, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থান্দার খায়রুল হাসানকে কুড়িগ্রাম জেলায়, অ্যান্টি টেররিজম ইউনিটের সুলতানা ইশরাত জাহানকে সিআইডিতে, বগুড়া সদর সার্কেলের মো. মোস্তফা মঞ্জুরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) এবং চট্টগ্রামের পটিয়া সার্কেলের নোমান আহমদকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।

এছাড়া, বদলি হওয়া সহকারী পুলিশ সুপাররা হলেন—পটুয়াখালীর বাউফল সার্কেলের আরিফ মুহাম্মদ শাকুরকে কুমিল্লার চৌদ্দগ্রাম সার্কেলে, র‌্যাবের সনদ বড়ুয়াকে কুমিল্লার লাকসাম সার্কেলে এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মো. জামশেদ আলমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২০ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে দায়িত্ব হস্তান্তর করতে হবে। অন্যথায়, ২১ এপ্রিল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version