রাজধানীর পুরান ঢাকার কলতাবাজার পানির পাম্প এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে মরদেহ উদ্ধার করে সূত্রাপুর থানা পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা সুলতানা (২০)।

নিহত শিক্ষার্থীর রাকিবা জবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

রাকিবা সুলতানা সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বাসিন্দা। তিনি রাজধানীর কলতাবাজার এলাকায় একটি ভাড়া মেসে বসবাস করতেন।

পুলিশ সূত্র অনুযায়ী, সারাদিন বন্ধ থাকার পর রাত আনুমানিক ৯টার দিকে রাকিবার এক বান্ধবী মেসে এসে দরজায় সাড়া না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রাকিবাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Share.
Leave A Reply

Exit mobile version