পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী বাজৌর জেলা এলাকায় একটি স্কাউট ক্যাম্পে ভয়াবহ আত্মঘাতী হামলায় এক বেসামরিক নাগরিকসহ অন্তত ৮ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি জোরপূর্বক ক্যাম্পে প্রবেশের চেষ্টা করলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে ক্যাম্পের প্রধান ফটক ও আশপাশের দেয়াল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। পাকিস্তান সরকার এ হামলার তীব্র নিন্দা জানিয়ে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদারের ঘোষণা দিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি


