প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এখন খাদের কিনারায়। মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর পাঠানো চারটি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তাৎক্ষণিকভাবে ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

সন্ত্রাসীদের মদদ দিতেই আফগানিস্তান এই উসকানিমূলক পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ ইসলামাবাদের।

একই সাথে তারা হুঁশিয়ারি দিয়েছে, এমন কর্মকাণ্ড অব্যাহত থাকলে তালেবানকে এর চড়া মূল্য চুকাতে হবে। তবে পুরো ঘটনাটিকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তাদের দাবি, কোনো উসকানি নয়, বরং পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় জঙ্গি গোষ্ঠী ‘দায়েশ’ (আইএস)-এর ঘাঁটিতে অত্যন্ত নিখুঁত ও সফল বিমান হামলা চালিয়েছে আফগান বিমান বাহিনী। হামলায় জঙ্গিদের ব্যাপক প্রাণহানি হলেও কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করেছে কাবুল। সম্প্রতি করাচিতে নিরাপত্তা ঘাঁটিতে জঙ্গি হামলার জের ধরে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার পর থেকেই দুই দেশের সীমান্তজুড়ে নতুন করে যুদ্ধংদেহী মনোভাব তৈরি হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version