বলিউডের ঝলমলে আলোয় দাঁড়িয়ে আজ তিনি বিশ্বজোড়া পরিচিত নাম। কিন্তু এই উজ্জ্বলতার আড়ালে লুকিয়ে আছে এক কঠিন সংগ্রামের গল্প—যেখানে ছিল অবহেলা, ষড়যন্ত্র আর ভাঙার মতো মুহূর্ত। প্রিয়াঙ্কা চোপড়া নিজের সেই অজানা অধ্যায়ের কথাই এবার তুলে ধরলেন খোলামেলা ভাবে।

বলিউড থেকে হলিউড—দুই জগতেই নিজের আধিপত্য বিস্তার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কোনো পারিবারিক উত্তরসূরি ছাড়াই কেবল মেধার জোরে বলিপাড়ায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন তিনি। তবে সাফল্যের এই পথটা মোটেও মসৃণ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা কথা বলেছেন বলিউডের পর্দার আড়ালের ‘রাজনীতি’ এবং তাকে নিয়ে হওয়া নানা ষড়যন্ত্র প্রসঙ্গে।

প্রিয়াঙ্কা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে বলিউডের রাজনীতির মারপ্যাঁচে পড়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন আসি, তখন “নেপোটিজম” বা স্বজনপ্রীতি শব্দটার মানেই বুঝতাম না।’

তিনি আরও বলেন, ‘ভাবতাম, আমার বাবা-মা যেমন চাইতেন আমি সফল হই, তেমনি বড় তারকাও তার ছেলেমেয়ের সাফল্য চাইবেন—এটাই স্বাভাবিক। কিন্তু পরে আসল রাজনীতিটা বুঝতে শিখলাম।’

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রিয়াঙ্কা যখন ‘সালাম-এ-ইশ্‌ক’ ছবির শুটিং করছিলেন, তখন একটি বড় হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পান এবং চুক্তিতে সইও করেন। কিন্তু অদ্ভুতভাবে তাকে সেই ছবি থেকে বাদ দেওয়া হয়।

প্রিয়াঙ্কা দাবি করেন, সেই ছবির সহ-অভিনেতা সেটে এসে সরাসরি তাকে জানান যে, তাকে আর ছবিতে রাখা হচ্ছে না। চুক্তিবদ্ধ হওয়ার পরও এমন অপমানে রীতিমতো বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। এমনকি ক্যারিয়ারের এক পর্যায়ে তাকে জানানো হয়েছিল, একটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের কথা থাকলেও তাকে সরিয়ে অন্য কাউকে নেওয়া হয়েছে।

ওই ছবিতে দুজন অভিনেত্রী থাকার কথা থাকলেও কৌশলে প্রিয়াঙ্কাকে সরিয়ে দেওয়া হয়। বলিউডে পা রাখার পর থেকেই একের পর এক প্রত্যাখ্যান পেতে পেতে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, একসময় অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। বিকল্প পেশায় যাওয়ার কথাও ভাবতে শুরু করেছিলেন।

তবে সব বাধা পেরিয়ে নিজের জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা—যা আজ অনেকের কাছেই অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।

Share.
Leave A Reply

Exit mobile version