‘নিয়োগ বাণিজ্যের’ অভিযোগে তদন্তাধীন থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) ফারজানা ইসলাম, তার স্বামী ও ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
ফারজানা ইসলামের স্বামী আকতার হোসেন এবং ছেলে প্রতীক তাসদিক হোসনের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্ট তদন্ত চলছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক খোরশেদ আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে স্বামী, পুত্র ও তৃতীয় পক্ষের মাধ্যমে ব্যাপক নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।
এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ আয়ের মাধ্যমে নিজ এলাকায় কৃষিজমি, ফ্ল্যাট ও প্লট ক্রয় এবং বিপুল পরিমাণ সম্পত্তি অর্জনের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানকালে জানা যায়, তারা এসব সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে আশঙ্কা রয়েছে।
দুদক জানিয়েছে, অভিযুক্তরা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আদালতে আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেছেন।


