নব্বইয়ের দশকের বলিউডে পথচলা মোটেও সহজ ছিল না—এ কথা বহুবারই বলেছেন নীনা গুপ্তা। তবে এবার তিনি জানালেন এমন এক অভিজ্ঞতার কথা, যা আজও তাকে কষ্ট দেয়। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে শুটিং সেটে এক পরিচালকের আচরণে চরম অপমানের শিকার হয়েছিলেন এই প্রবীণ অভিনেত্রী। কোনো দোষ না থাকা সত্ত্বেও সবার সামনে তাকে অশ্রাব্য ভাষায় ভর্ৎসনা করা হয়েছিল, আর সেই লজ্জা ও যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নীনা গুপ্তা সেই তিক্ত স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে একটি ছবির শুটিং চলাকালে পরিচালক হঠাৎ করেই সবার সামনে তাকে গালিগালাজ করতে শুরু করেন। অথচ ছবিটিতে তার চরিত্র ছিল খুবই ছোট এবং অভিনয়ে তার কোনো ভুলও ছিল না।

নীনা জানান, পরিচালক সম্ভবত অন্য কোনো কারণে ক্ষুব্ধ ছিলেন এবং সেই রাগের বহিঃপ্রকাশ তিনি তার ওপর করেন। সে সময় সেটে অনেক মানুষ উপস্থিত ছিলেন। অপমান সহ্য করতে না পেরে সেখানেই দাঁড়িয়ে কাঁদতে থাকেন তিনি।

অভিনেত্রী আরও বলেন, তখন ক্যারিয়ার টিকিয়ে রাখা ও অর্থের প্রয়োজনে শিল্পীদের অনেক অপমান মুখ বুজে সহ্য করতে হতো। পরিস্থিতির কারণে প্রতিবাদ করার সুযোগও ছিল না। তবে সেই পরিচালকের নাম প্রকাশ করতে চাননি নীনা গুপ্তা।

সাক্ষাৎকারে নিজের কাজ নিয়েও আক্ষেপ প্রকাশ করেন তিনি। জানান, শুধু জীবিকার তাগিদে এমন কিছু সিনেমায় অভিনয় করতে হয়েছে, যেগুলো নিয়ে পরে তার অনুতাপ হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version