জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ নিন্দা জানান তিনি।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তিনি এনসিপির জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও দলের যুগ্ম আহ্বায়ক।

এ ঘটনাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে জামায়াত আমির বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য উচ্চমূল্যে খেসারত দিতে হবে। এ বিষয়ে নীরব থাকার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ ওঠে। এতে আগুন ধরে বাড়ির একটি ঘর পুড়ে যায়। এ সময় তার মা-বাবাসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন।

Share.
Leave A Reply

Exit mobile version