অভিনয়ের মতোই ব্যক্তিগত জীবন আর স্পষ্টভাষী মন্তব্যের কারণে প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকেন পরীমণি। এবারও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। নীতিবাক্য আর ব্যক্তিগত সমালোচনার বিষয়ে কড়া বার্তা দিয়ে যেন সমালোচকদের উদ্দেশেই নিজের অবস্থান স্পষ্ট করলেন এই ঢাকাই নায়িকা।

রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব পরীমণি। গ্ল্যামার, অভিনয় আর ব্যক্তিত্ব দিয়ে যেমন ভক্তদের মুগ্ধ করেন, তেমনি ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা-সমালোচনারও মুখোমুখি হন প্রায়ই।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নীতিবোধের কথা বলে অন্যকে আক্রমণ করা ব্যক্তিদের একহাত নিয়েছেন তিনি।

পোস্টে পরীমণি লিখেছেন, ‘নীতিবাক‍্য ঝাড়ার সময় খেয়াল রাখুন, নিজের জীবনের সব নীতির নিয়ম নিয়ন্ত্রণে আছে কিনা। কনফেস করার পর কাউকে ইঙ্গিতপূর্ণ ভাবে বলাটাও খুব একটা নীতিবানের কাজ নয়।’

তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকের ধারণা, সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে যারা ব্যক্তিগত আক্রমণ কিংবা অপ্রাসঙ্গিক সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যেই এই বার্তা দিয়েছেন অভিনেত্রী।

পোস্টের মন্তব্যের ঘরেও পরীমণির বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন অনেকে। একজন লিখেছেন, ‘নীতির কথা বলা সহজ, কিন্তু সেটা নিজের জীবনে মানা আরেকটা লেভেলের ব্যাপার।’ আরেকজনের মন্তব্য, ‘আসলেই ভেবে দেখা উচিত।’

Share.
Leave A Reply

Exit mobile version