বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হওয়ার পর শরীরের আকৃতি নিয়ে নেটিজেনদের একাংশের তীব্র কটাক্ষ ও ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন। গত বছরের নভেম্বরে পুত্রসন্তান জন্ম দেন। এরপর তার ‘পোস্টপার্টম বডি’ ও শারীরিক পরিবর্তন নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক কুরুচিকর মন্তব্য ও ট্রলিং শুরু হয়েছিল।

যদিও সেই সময় বলিউড সতীর্থ সালমান খান, হৃতিক রোশান, সমীরা রেড্ডি কিংবা সৌন্দর্য রজনীকান্তরা শক্তভাবে ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছিলেন, তবুও এতদিন এই বিষয়ে নিজে কোনো কথা বলেননি অভিনেত্রী। েঅবশেষে লন্ডনে নিজের প্রসাধনী সংস্থার বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ট্রলারদের বিরুদ্ধে নীরবতা ভাঙলেন ক্যাটরিনা। সরাসরি কারও নাম না নিলেও তার বক্তব্যে স্পষ্ট বার্তা ছিল।

অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় কে কী বলছে বা কী ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেটা দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা একেবারেই ভুল। আপনি যদি সবাইকে খুশি করতে যান, তবে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলবেন।’

নিজের মানসিক শক্তি ও অবস্থানের কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমাকে নিয়ে আসা প্রতিটি নেতিবাচক মন্তব্যকে যদি আমি পাত্তা দিতাম বা আমার জীবন পরিচালনা করতে দিতাম, তাহলে হয়তো আমি ভয়ে এক জায়গায় স্থির হয়ে যেতাম, জীবনে আর এক পাও এগোতে পারতাম না।’

নিজের প্রতি আত্মবিশ্বাসী হওয়ার তাগিদ দিয়ে ক্যাটরিনার সংযোজন, ‘বিশ্ব যখন আপনাকে নিয়ে মাতামাতি করবে না, তখন নিজেকেই নিজের সবচেয়ে বড় সমর্থক ও চিয়ারলিডার হতে হবে। জীবনের প্রতিটি পর্যায় এক রকম হয় না।’

তার কথায়, ‘কোনো সময় আপনার সব কিছু পারফেক্ট থাকবে, আবার কখনো কোনো কিছুই মনের মতো হবে না। কখনো আপনাকে সেরা দেখাবে, আবার কখনো সেরা রূপ পাওয়ার জার্নিটা চলবে। তাই এই সবকিছুকে হালকাভাবে গ্রহণ করা উচিত, নিজেকে নিয়ে বড্ড বেশি গম্ভীর বা চিন্তিত হওয়ার কিছু নেই।’

Share.
Leave A Reply

Exit mobile version