নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি সরকারের বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষার সুপারিশ: রাজনৈতিক দলের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স বাস্তবায়ন করবে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষা একটি অগ্রাধিকারপূর্ণ বিষয়। আমরা শুধু প্রতিশ্রুতি দেইনি; বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, প্ল্যান ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে নারী নির্যাতন প্রতিরোধ, শিশু অধিকার সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের সকলের দায়বদ্ধতা রয়েছে। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে যে সকল সুপারিশ রয়েছে; তা শুধু কাগজে-কলমে নয়; মাঠপর্যায়ে সকলে মিলে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, এ দেশে ৫১ শতাংশ নারী ও ৩৩ শতাংশ শিশু সমাজেরই অংশ এবং সম্পদ। নারীর ক্ষমতায়ন এবং শিশুদের সুরক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

মন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ প্রোগ্রামসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে যাতে নারী প্রধান পরিবারগুলো সরাসরি সুবিধা পায় এবং স্বাবলম্বী হতে পারে।

তিনি বলেন, এদেশে নারী ও শিশু নির্যাতনে যে পরিমাণ আইন রয়েছে; তা অন্য কোনো সভ্য দেশে নেই।

তিনি ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ওপর পরিবারের প্রতি গুরুত্বারোপ করেন।

Share.
Leave A Reply

Exit mobile version