কর্ম হারিয়ে দেশে ফিরে আসা প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থানের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে আসা নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সময় তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শাহ আলমের মরদেহ কুমিল্লায় নিতে এবং দাফনের জন্য খরচ দেবে সরকার। তার পরিবারের পাশে সরকার রয়েছে। ভবিষ্যতে কোনো সমস্যা হলে সেটাও দেখা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ চায় এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক এবং বিশ্বে যে সমস্যা তৈরি হয়েছে ডিপ্লোমেসির মাধ্যমে সে সমস্যার সমাধান হোক।
শিক্ষার্থীদের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আটকে পড়া শিক্ষার্থীদের নিরাপদে ফেরত আনার বিষয়ে আলোচনা চলছে।


