সিনেমা মুক্তির আগে পর্যাপ্ত প্রচার না হওয়ায় দর্শকের কাছে অনেক চলচ্চিত্রের খবর পৌঁছায় না। এর ফলে ভালো সিনেমাও প্রত্যাশিত সাড়া পায় না । এমন পরিস্থিতিতে ব্যতিক্রমী প্রচার কৌশল নিয়ে দর্শকের কাছে পৌঁছানোর পরিকল্পনা করেছেন অভিনেতা জয় চৌধুরী। দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘স্নেহের বন্ধন’। মুক্তির খবর দেশের প্রতিটি দর্শকের কাছে পৌঁছে দিতে বড় পরিসরে প্রচারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারের পরিকল্পনা থাকলেও নতুন উদ্যোগের বিস্তারিত এখনই প্রকাশ করতে চান না সিনেমাটির নির্মাতা ও অভিনয়শিল্পীরা। তাঁদের প্রত্যাশা, প্রচারের অভিনব কৌশলের মাধ্যমে দর্শকের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি হবে।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘স্নেহের বন্ধন’ পরিচালনা করেছেন কামরুজ্জামান। পারিবারিক গল্প, আবেগ ও সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে সিনেমাটির কাহিনি সাজানো হয়েছে। শুরুতে গত জুলাইয়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। সে সময় প্রকাশ করা হয়েছিল ট্রেলার ও একটি গান। তবে শেষ মুহূর্তে মুক্তির সিদ্ধান্ত পরিবর্তন করে দুর্গাপূজাকে বেছে নেন সংশ্লিষ্টরা।
সিনেমাটির মুক্তি সামনে রেখে গত মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। সেখানে প্রচারের পরিকল্পনা তুলে ধরে জয় চৌধুরী জানান, দর্শকের কাছে সিনেমাটির খবর পৌঁছে দিতে তাঁরা বড় পরিসরে কাজ করতে চান।
জয় চৌধুরী বলেন, ‘ঈদ উৎসব ছাড়া সিনেমা রিলিজ করা এখন অনেক সাহসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রযোজককে অনেক ধন্যবাদ জানাই এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য। সিনেমার রেজাল্ট কী হবে, সেটা পরের ব্যাপার। প্রচারটা ঠিকভাবে করতে চাই। খুব বড় আকারে প্রচারের পরিকল্পনা করেছি। প্রচারে এমন কিছু করতে চাই, যেটা আগে বাংলা চলচ্চিত্রে কখনো হয়নি। আমরা সিনেমাটি নিয়ে দর্শকের কাছে পৌঁছাতে চাই। যেন ঘরে ঘরে সবাই জানতে পারে ১৬ অক্টোবর স্নেহের বন্ধন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।’
পরিচালক কামরুজ্জামান বলেন, ‘আগে আমাদের দেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক ও অ্যাকশন ঘরানার সিনেমা মুক্তি পেত। আমার সিনেমাটিও সেই ধারার। আশা করি সবার ভালো লাগবে।’
‘স্নেহের বন্ধন’ সিনেমায় জয় চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন মৌ খান। এ ছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন শিবা শানু, কাজী হায়াৎ, সাবেরী আলম, নাদের চৌধুরী ও রিনা খানসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছেন মো. শাহ আলম।

