সাবলীল অভিনয়ে একসময় দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন সানজিদা প্রীতি। ওটিটিতেও তার অভিনয় দ্যুতি ছড়িয়েছিল। তবে অনেক দিন ধরে অভিনয়ে অনিয়মিত তিনি। ব্যক্তিগত জীবন ঘিরেই ব্যস্ততা।

সর্বশেষ দুই বছর আগে ধারাবাহিক নাটক করেছিলেন সানজিদা প্রীতি। বিরতি ভেঙে ফিরলেন তিনি। যুক্ত হয়েছেন ‘প্রথম প্রেমের গল্প’ ধারাবাহিকে। তানভীর তন্ময়ের এ ধারাবাহিক প্রচারিত হচ্ছে এনএএফ ইউটিউব চ্যানেলে সপ্তাহে দুটি করে পর্ব।

এ ধারাবাহিকে জেরিন খান চরিত্রে দেখা যাবে প্রীতিকে। অষ্টম পর্ব থেকে পর্দায় দেখা যাবে তাকে। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, সুজাতা, আলী রাজ, শতাব্দী ওয়াদুদ, ফারিন খান প্রমুখ।

এ প্রসঙ্গে সানজিদা প্রীতি গণমাধ্যমকে বলেন, ‘প্রায় দুই বছর পর কোনো ধারাবাহিক নাটকে যুক্ত হলাম। ডিরেক্টরসহ পুরো টিমের সঙ্গেই এটা আমার প্রথম কাজ। চরিত্রটাও আমার আগের করা চরিত্রের থেকে একটু আলাদা। সব মিলিয়ে ভীষণ উপভোগ করছি কাজটি।’

নির্মাতা তানভীর জানান, জেরিন খান চরিত্রটি শক্তিশালী। গল্পে নিলয় আলমগীরের বিরুদ্ধে তার লড়াই। শতাব্দী ওয়াদুদের মতো অভিনেতার সঙ্গে তাল মিলিয়ে অভিনয়। তাই অনেক ভেবেচিন্তে সানজিদা প্রীতিকেই বেছে নেন।

করপোরেট দুনিয়ার দ্বন্দ্ব, প্রেম, পারিবারিক রহস্য ও প্রতিশোধের গল্পে নির্মিত হচ্ছে ‘প্রথম প্রেমের গল্প’। যদিও প্রচার শুরু হওয়ার পর থেকে সমালোচনার শিকার হচ্ছে ধারাবাহিকটি। অনেকের দাবি, এটি পাকিস্তানি সিরিয়াল ‘শাইদাই’-এর নকল। তবে নির্মাতা জানিয়েছেন, বিদেশি সিরিয়ালের গল্প থেকে নির্মাণ শুরু হলেও সামনে এর গল্পে ভিন্নতা দেখা যাবে।

Share.
Leave A Reply

Exit mobile version