মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতায় নতুন গতি এসেছে। সংকট নিরসনে সময় বাড়ানোর আহ্বান জানিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রতি হরমুজ প্রণালি ইস্যুতে নির্ধারিত সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অত্যন্ত শক্তিশালীভাবে এগিয়ে চলছে এবং অদূর ভবিষ্যতে এর মাধ্যমে বড় কোনো ফল আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত না করে সফল হওয়ার সুযোগ দিতেই তিনি দুই সপ্তাহের এই বাড়তি সময় চেয়েছেন।

উল্লেখ্য, ৮ই এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের শেষ দিন। ট্রাম্প হুমকি দিয়েছিলেন, আজ রাতের মধ্যে ইরান হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভয়াবহ হামলা চালানো হবে। এমন চরম উত্তেজনার মধ্যেই পাকিস্তান, তুরস্ক ও মিশরের মতো দেশগুলো মধ্যস্থতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version