পাকিস্তান ক্রিকেটে আবারও বিতর্কের ঝড় তুলেছেন শাহীন শাহ আফ্রিদি। এক সময় দলের প্রধান অস্ত্র হিসেবে বিবেচিত এই পেসার এখন সমালোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক পারফরম্যান্স, নেতৃত্ব নিয়ে প্রশ্ন এবং সাবেকদের কড়া মন্তব্য—সব মিলিয়ে শাহীনের অবস্থান যেন দিন দিন অনিশ্চিত হয়ে উঠছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২ ওভারে ৩১ রান এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪ ওভারে ৪২ রান দেওয়ার পর থেকেই কড়া সমালোচনার মুখে পড়েন শাহীন। বিশেষ করে সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওভারে তিনটি ছক্কা ও একটি চার হজম করার পর সেই সমালোচনা তীব্র আকার ধারণ করে।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান রশিদ লতিফ বলেন, ‘এখন সবাই বলছে শাহীনের ওয়ানডে অধিনায়ক হওয়া উচিত নয়। আমি বলি, ওর তো টি-টোয়েন্টি দলেই জায়গা হওয়া উচিত নয়। অথচ লোকজন প্রচার চালাচ্ছে ওকে টি-টোয়েন্টি অধিনায়ক করার জন্য। একসময় হয়তো ও যোগ্য ছিল, কিন্তু এখন সময় শেষ। টি-টোয়েন্টি দলেই ওর থাকা উচিত নয়।’

এই বিতর্ক আরও উসকে দেন শাহীনের শ্বশুর ও পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহিদ আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১-২ ব্যবধানে হারের পর শাহীনকে অধিনায়ক করায় নির্বাচকদের কড়া সমালোচনা করেন তিনি। তার ভাষায়, ‘কমিটিতে আপনারা সবাই এত ক্রিকেট খেলেছেন, অথচ কোন ফরম্যাটে কাকে অধিনায়ক করতে হয় সেই ধারণাই আপনাদের নেই।’

রশিদ লতিফের মতে, শাহীনকে টি-টোয়েন্টি অধিনায়ক করার যে আলোচনা চলছে, তা পারফরম্যান্সের ভিত্তিতে নয়, বরং একটি সুপরিকল্পিত প্রচারণার ফল।

উল্লেখ্য, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাত্র দুই ওভার বল করেন শাহীন, যেখানে কোনো উইকেট না পেয়ে ৩১ রান খরচ করেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি উইকেট পেলেও ৪ ওভারে দেন ৪২ রান। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে এক ওভারেই ২২ রান হজম করেন তিনি। ফলে, পাকিস্তানের সর্বোচ্চ টি-টোয়েন্টি উইকেট শিকারি হওয়া সত্ত্বেও বর্তমানে ফর্ম ও ফিটনেস—দুটো নিয়েই প্রশ্নের মুখে রয়েছেন এই বাঁহাতি পেসার।

Share.
Leave A Reply

Exit mobile version