হামসহ বিভিন্ন রোগের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। আবেদনে সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন দাখিল করেন।

আবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য খাতে সাবেক অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি ও অর্থ আত্মসাতের সম্ভাবনা রয়েছে। দেশের স্বাস্থ্য ও অর্থ খাত রক্ষা এবং শিশুদের জীবন সুরক্ষার স্বার্থে বিষয়টি তদন্ত করা জরুরি বলে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, সম্প্রতি সারাদেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং এতে শতাধিক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। টিকার সংকট ও সরবরাহ ঘাটতির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আবেদনে অভিযোগ করা হয়, টিকা ক্রয়ের পদ্ধতিতে পূর্বপ্রস্তুতি ছাড়াই পরিবর্তন আনা এবং সময়মতো প্রয়োজনীয় টিকা ও সিরিঞ্জ সংগ্রহে ব্যর্থতা পরিস্থিতিকে জটিল করেছে। স্বাস্থ্য খাতে প্রায় ৪২ হাজার কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও যথাযথ ব্যবহার না হওয়ায় অনিয়ম ও দুর্নীতির ইঙ্গিত পাওয়া যায় বলে এতে দাবি করা হয়েছে।

এছাড়া বিভিন্ন গণমাধ্যম ও জনমতের উদ্ধৃতি দিয়ে বলা হয়, হামের প্রকোপ বৃদ্ধি ও শিশু মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্টদের দায়িত্ব রয়েছে বলে আলোচনা চলছে। বর্তমানে সরকারও টিকা ও সিরিঞ্জের সংকটকে পূর্ববর্তী সরকারের সৃষ্টি সমস্যা হিসেবে উল্লেখ করছে।

তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি দুর্নীতি দমন কমিশন।

Share.
Leave A Reply

Exit mobile version